পিরোজপুরের ভান্ডারিয়ায় স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি হরিণ ও একটি বাঘের চামড়াসহ ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাব-৮।
আজ শুক্রবার ভোরে সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. জসিমউদ্দিনের নেতৃত্বে ক্রেতার ছদ্মবেশে র্যাবের স্পেশাল কোম্পানির একটি দল এই অভিযান চালায়।
এ ঘটনায় জড়িত অভিযোগে বাবুলসহ দুজনকে আটক করা হয়েছে। বাবুল ভান্ডারিয়ার ইকরী গ্রামের বাসিন্দা। আটককৃত আরেক জন অটোরিকশাচালক মো. মামুন।
ইউপি সদস্য বাবুল সম্প্রতি ভান্ডারিয়ায় সংঘটিত একটি হত্যা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে র্যাব।
অভিযানে নেতৃত্বদানকারী এএসপি মো. জসিমউদ্দিন দুপুরে মোবাইলফোনে জানান, বাবুল হোসেন মাতুব্বরের নেতৃত্বাধীন একটি চক্র সুন্দরবন থেকে হরিণ এবং বাঘ শিকার করে এর চামড়া বিভিন্ন দেশি-বিদেশি ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ক্রেতার ছদ্মবেশে বাবুল মাতুব্বরের কাছ থেকে বাঘ ও হরিণের চামড়া কিনতে যান তারা।
আজ ভোরে চামড়া দেখানোর সময় বাবুল ও তার সহযোগীকে আটক করে র্যাব। এ সময় তার ঘর তল্লাশি করে ১৪টি হরিণের এবং একটি বাঘের চামড়া এবং ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের ভান্ডারিয়া থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করেছে র্যাব।
ইআর





