পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত কানকাটা সীমান্তে আজ সোমবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম সুজন (২২)। তিনি ওই এলাকার সানাউল্লাহ ওরফে সানুর ছেলে।
ঘটনার পর পরই পঞ্চগড়ে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ সুজনকে দেখতে হাসপাতালে যান।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, সারিয়ালজোত কানকাটা সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় সুজন আজ বিকেলে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের লিচুগছ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁকে গুলি করেন।
গুলি তাঁর বুকের বাঁ পাশে লাগে। ওই এলাকার দেলোয়ার নামের এক ব্যক্তি গুরুতর আহতাবস্থায় তাঁকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
সুজনের লাশ বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ বলেন, গুলি করে হত্যার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিজিবির তেঁতুলিয়ার কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার দিদার আহমেদ বিএসএফকে চিঠি দিয়েছেন।
উল্লেখ্য, বার বার প্রতিশ্রুতি দেয়ার পরও বন্ধ হচ্ছে না সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশী হত্যার ঘটনা। মানবাধিকার সংগঠন অধিকারের দেয়া প্রতিবেদন অনুযায়ী বিগত ২০০০ সাল থেকে এ পর্যন্ত বিএসএফ অন্তত দেড় হাজার বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে।এদের বেশীরভাগই নিরীহ বাংলাদেশী কৃষক ও গরু ব্যবসায়ী।
ওএফ





