নোয়াখালীতে এক যুবদল নেতার বসত ঘর লুট করে অবশেষে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তের হামলায় দুই শিশু আহত হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টায় আব্দুল ওহাবের বাড়িতে এ ঘটনা ঘটে। ওহাব কালাদরাপ ৯নং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, জেলা সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লকিয়া গ্রামের খোরশিদ আলমের পুত্র ও স্থানীয় যুবদল নেতা আব্দুল ওহাবের বাড়িতে সিএনজি যোগে ১০/১৫ জন মুখোশপরা অস্ত্রধারী প্রবেশ করে। এ সময় তারা প্রথমে ঘরে ঢুকে ওহাবকে খোঁজে ।

পরে ওহাবকে না পেয়ে ঘরের লোকজনকে বের করে দিয়ে নগদ অর্থ স্বর্ণ অলংকার লুটপাট চালায়। এক পর্যায়ে তারা পেট্রল ঢেলে ২টি বসত ঘরে আগুন দিয়ে চলে যায়। মুহুর্তের মধ্যে ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

কালাদরাপ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, একদল অজ্ঞাত দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে তাকে না পেয়ে দুটি বসত ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। এসময় দুর্বৃত্তরা তার ঘরে থাকা মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।

সুধারাম মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে আব্দুল ওহাবের বাড়িতে আগুন দেয়ার খবর শুনেছি। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

কেএইচ