গোপালগঞ্জে আজ বুধবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে শীতের তীব্রতা বেড়েছে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার থেমে থেমে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার মেঘ কেটে গেলে শনিবার থেকে আবার তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ আবহাওয়া অফিস সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।

এমআর