সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ৫০ জন জেলেকে অপহরণ করা হয়েছে। বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে পাঁচটি ফিশিং ট্রলারসহ জেলেদের অপহরণ করেছে।

মঙ্গলবার ভোরে অপহরণের পর সকালে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানে নেমেছে র‌্যাব ও কোস্টগার্ডে চারটি টিম। কোস্টগার্ড এতথ্য নিশ্চিত করেছে।

শরণখোলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মঙ্গলবার ভোর রাতে সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে মাছ শিকারের পাঁচটি ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করেছে। বনদস্যুরা এফবি আল্লাহর দান, এফবি বশির, এফবি পিয়ম, এফবি মায়ের আর্শীবাদ ও এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারসহ অপহৃত জেলেদের মধ্যে আট জনের নাম জানা গেছে। অপহৃত জেলেদের মধ্যে সোহরাব, শানু, মিজান, বশির, মাসুম, লাল চান, জামাল ও ছলেমান রয়েছে।

অপহৃত জেলে পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বনদস্যুরা মুক্তিপণের দাবিতে জেলেদের সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে গেছে। জেলেদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলায়।

এর আগে রোববার সুন্দরবনের কচিখালী এলাকা থেকে বনদস্যু ভাই-ভাই বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ২৬ জেলেকে অপহরণ করে। ওই জেলেরা এখনো উদ্ধার হয়নি।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার এ টি এম রেজাউল হাসান জানান, সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে অপহৃত জেলেদের উদ্ধারে সকাল থেকে কোস্টগার্ড ও র‌্যাবের চারটি দল অভিযানে নেমেছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

কেএইচ