চাঁদপুরের ফরিদগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী ফয়সাল ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।

আজ (১৬ আগস্ট) শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বরুড়া থেকে তাকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

ফয়সাল ভুঁইয়া বালিথুবা ইউনিয়নের দেইচর গ্রামের ভুঁইয়া বাড়ীর এনায়েত ভুঁইয়ার ছেলে।

অভিযানে নেতৃত্বে দেন ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন্ত মজুমদার। তাকে সহযোগিতা করেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুর আলম, হেলাল উদ্দিন ও পুলিশ সদস্যবৃন্দ।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) আত্মীয় বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় উপজেলার মানিকরাজ এলাকায় ধর্ষণের শিকার হন ওই কিশোরী। ওই ঘটনায় কিশোরীর মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।

এই মামলায় পুলিশ এর আগে ধর্ষকের সহযোগি রফিক ভূঁইয়াকে গ্রেফতার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার হওয়া আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

এমবি