হবিগঞ্জের চুনারুঘাটের পল্লীতে নিপা নামে সাত মাসের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে তার মা'কে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুর বোন রিপা (৩) গুরুতর আহত হয়েছে, তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার গভীর রাতে সীমান্তের গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত শিশুর মা মিলন ও প্রতিবেশী মীর মর্তুজ আলী নামে দু'জনকে আটক করেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উসমানপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী মিলন রাতে দুই সন্তান- রিপা ও নিপাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজা ভেঙে দু'তিনজন লোক ঘরে ঢুকে শিশু দুটিকে এলোপাথাড়ি কুপাতে থাকে।

এতে ঘটনাস্থলেই মারা যায় নিপা। স্থানীয়রা এসে বুকে ও হাতে মারাত্মক জখমসহ রিপাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়।

খবর পেয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র হাসপাতালে যান। সেখানে তিনি আহত রিপার জবানবন্দি নেন এবং তাকে পুলিশ পাহারায় সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

এছাড়া পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, চুনারুঘাট থানার ওসি নির্মল চন্দ্র ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুনারুঘাট থানার ওসি জানান, আহত রিপা এ হত্যাকাণ্ডের বিষয়ে স্পষ্ট জবানবন্দি দিয়েছে। তার বোনকে মা-বাবা খুন করেছে বলে জানিয়েছে রিপা।

এরপর তাদের মা মিলনসহ দু'জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

এম এ