মুন্সিগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে ঈদগাঁ ও মসজিদ কমিটির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

এ সময় পাল্টাপাল্টি ঈদগাঁওয়ে ঈমামের খুতবা পাঠ করার স্থানের মিম্বার ও জামে মসজিদের দরজা-জানালা ভাংচুর করে। আহতদের স্থানীয় প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মসজিদের পরিধি বাড়াতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বনিক্যপাড়া ঈদগাঁ পরিচালনা কমিটি ও ভট্টাচার্য্যরেবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির ২ পক্ষে এ ঘটনা ঘটে।

মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন সংঘর্ষ ও ভাংচুরের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বনিক্যপাড়া ঈদগাঁ ও ভট্টাচার্য্যেরবাগ জামে মসজিদটি পাশাপাশি। ঈদগাঁয়ের কিছু জায়গা জুড়ে মসজিদের পরিধি বাড়ানোর কাজ হাতে নেয়া হলে মঙ্গলবার ঈদগাঁ কমিটি তাতে বাঁধা দেয়।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-ধাওয়ির সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ