ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন রাজধানীর কাপ্তান বাজার মার্কেটের সিলগালা ভেঙে শতাধিক দোকান দখল করে নিয়েছে সৈনিক লীগের ব্যানারে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা।
এই ক্যাডাররা গত মার্চের প্রথম দিকে জোরপূর্বক মার্কেটটি দখল করে নেয়। মোটা অংকের টাকা নিয়ে তারা নিজেরা দোকানগুলো বরাদ্দ দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
এদিকে গত ২ মাসেও ডিএসসিসির পক্ষ থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় কোনো মামলা দায়ের করেনি। ডিএসসিসির সম্পত্তি এবং মার্কেট বিভাগের কোনো কর্মকর্তা/ কর্মচারী দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে রাজি হচ্ছে না।
এ ব্যাপারে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান বলেন, পুলিশ জবর দখলকারীদের পক্ষে কাজ করে। আর জীবনের উপর হুমকি নিয়ে ডিএসসিসির কর্মকর্তারা এই বিষয়ে বাদী হয়ে মামলা করতে রাজী হচ্ছে না। আমি (আনছার আলী) বড়ই অসহায়! আমার করার কিছুই নেই।
জানা যায়, বর্তমানে সরকারি দলের ক্যাডাররা ওই মার্কেটের ভেতর একটি অফিস খুলে, দোকান ভাড়া ও বরাদ্দপত্র দিচ্ছে ভাড়াটিয়াদের। এই সুযোগে তারা হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা।
ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ এর অধীনে কাপ্তান বাজার কমপ্লেক্স-১ এর ভবনের নীচ তলায় ৪৪টি এবং ২য় তলায় ৪৪টি দোকান দখল করে নিয়েছে সরকারি দলের ক্যাডার বাহিনী। ডিসসিসির একজন নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে গত ২০১২ সালের ২০ সেপ্টেম্বর এই মার্কেট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ৮৮টি দোকান সিলগালা করে দেয়া হয়।
অপরদিকে মার্কেট সমিতির বৈধ দোকানদাররা ১২ বছর আগে নগর ভবনে সালামীর টাকা জমা দিলেও দোকান বরাদ্দ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
এবার ডিএসসিসির নির্বাহী মেজিস্ট্রেটের নির্দেশ আমলে নেয়নি সরকার দলীয় ক্যাডাররা। ওই ঘটনার ১ মাস পর সিলগালা ভেঙে পুনরায় দখল করে নেয় তারা। এরপর ২০১২ সালের ১১ নভেম্বর নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট দোকানগুলো অবৈধদখল মুক্ত করে আবারো সিলগালা করে দেয়।
সূত্র মতে, আবার গত মার্চের প্রথম সপ্তাহে তৃতীয়বারের মতো সিলগালা ভেঙে দোকানগুলো জবর দখল করে বঙ্গবন্ধু সৈনিক লীগের সহযোগী সংগঠনের সভাপতি ওমর ফারুক। সরকার দলীয় ক্যাডারদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষোবে যুক্ত রয়েছে ডিএসসিসির সম্পত্তি ও মার্কেট বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী। তারা দখলকৃত প্রত্যেকটি দোকান থেকে গড়ে ৮ লাখ টাকা করে নিয়ে প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে প্রত্যেক দোকান থেকে মাসে ১০ হাজার টাকা করে ভাড়াও আদায় করছে।
এব্যাপারে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, কাপ্তান বাজার মার্কেটের দোকান বরাদ্দ পাবে স্বাধীনতার পক্ষের শক্তির লোকজন। কোন জামায়াত বা বিএনপির লোকজনকে এখানে ব্যবসা করতে দেয়া হবে না। তবে দোকান বরাদ্দের ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
[b]ঢাকা, একে, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
কাপ্তানবাজারের ১০০ দোকান সৈনিক লীগের জবরদখলে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন রাজধানীর কাপ্তান বাজার মার্কেটের সিলগালা ভেঙে শতাধিক দোকান দখল করে নিয়েছে সৈনিক লীগের ব্যানারে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। এই ক্যাডাররা গত মার্চের প্রথম দিকে জোরপূর্বক মার্কেটটি দখল করে নেয়





