নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়াসহ (২৪) বিভিন্ন মামলা ও অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার (২০ সপ্টেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। নড়াইল সদর ও লোহাগড়া থানা থেকে ৭ জন করে এবং কালিয়া ও নড়াগাত থানা থেকে ২ জন করে আটক করা হয়।
জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কক্ষ থেকে জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ, ছাত্রসংবাদ পত্রিকা, সদস্য ফরমসহ অন্যান্য কাগজপত্র উদ্ধারের দাবিও করে পুলিশ।
শিপন আগদিয়া গ্রামের মোঃ হাবিবার মিয়ার ছেলে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, বিভিন্ন মামলা ও অভিযোগে জেলার চারটি থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে।
জঙ্গি ও নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধে এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএনজে





