লক্ষ্মীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম জসিম (২৮) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন।
জেলা সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাটে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। জসিম ওই এলাকার মৃত শহীদ উল্যার ছেলে। তিনি দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের সভাপতি। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ সময় তিন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।
তারা হলেন- ডিবি পুলিশের কনস্টেবল মো. নাজমুল হাসান, বাহার উদ্দিন ও মাইন উদ্দিন। তারা জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া জানান, তিনটি মামলার আসামী জসিমকে আটক করে নিয়ে আসার সময় পথে তার সহযোগীরা পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। ঘটনার সময় পালাতে গেলে জসিম পায়ে গুলিবিদ্ধ হন ও তিন পুলিশ সদস্য আহত হন বলে দাবি করেছেন তিনি।
এদিকে আহত জসিম দাবি করেন, তিনি যুবদলের রাজনীতি করলেও পেশায় একজন ব্যবসায়ী। রাত ১২টার দিকে পুলিশ তাকে নিজ ঘর থেকে আটক করে। পরে তাকে পুলিশের গাড়িতে ঘুরিয়ে হামছাদীর পালের হাট ঈদগাহের সামনে এনে তার পায়ে গুলি করে। রাত পৌনে ৩টার দিকে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
জেএ





