আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠছে। প্রয়োজনে এ আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। তবে এ আইনের প্রয়োজনীয়তা রয়েছে।

আজ রোববার (২ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনার শেষে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, মামলা কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে হয়নি। এ মামলা হয়েছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে।

প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন শুনানিতে অপরাগতা প্রকাশ করে হাইকোর্টের একটি বেঞ্চ। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিচার বিভাগ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না, এ নিয়ে আমি কিছু বলতে চাই না।

তিনি বলেন, বিশ্বের সব দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে। কিন্তু সেখানে হয়তো সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন বলা নেই। ডিজিটাল অপরাধ কমাতে এ আইন করেছে সব দেশ। আমাদেরও থাকা প্রয়োজন।

এসময় আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অপব্যবহার হয়েছিল, সেটা আমরা স্বীকার করে এ বিষয়ে কী পরিবর্তন আনা যায় সেটা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা এখনও চলমান আছে।

এবিএস