কাল (৭ এপ্রিল) দুপুর থেকে আজ বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত দেশে করোনায় আরও ৩ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে শনাক্ত ৫৪ যাদের মধ্যে রাজধানীতেই রয়েছে ৩৯ জন। বাকি ১৫ জন ঢাকার বাইরে। মোট আক্রান্ত ২১৮ জন।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সব জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ৫৪
মোট আক্রান্ত ২১৮
চিকিৎসাধীন ৩২
মোট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩
হোম কোয়ারেন্টাইন ১০১৫৭
আইসোলেশন ৮৪
মোট মৃত্যু ২০
এছাড়া গত ২৪ ঘন্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৫৬৩টি ও দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৪২৫টি মিলিয়ে মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। তন্মধ্যে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ২১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৪ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৪ লাখ ৩১ হাজার ৬৮৯ জন। এদের মধ্যে বর্তমানে ১০ লাখ ৪৭ হাজার ৪৭০ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৮৯১ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ২ হাজার ১৪৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৮২ হাজার ৭৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এএস





