কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৩ ডিসেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিউর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে কোস্টগার্ডের একটি টহলদল টেকনাফ স্থল বন্দরসংলগ্ন নাফ নদীর তীরে ওত পেতে অবস্থান নেয়।
এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি ডিঙ্গি নৌকায় থাকা সন্দেহজনক ২ জনকে থামার সংকেত দিলে তারা নৌকা ফেলে প্যারাবনের ভিতর দিয়ে পালিয়ে যায়।
এ সময় ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে একটি ছোট বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি ৫ লাখ টাকা। ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাখার প্রস্তুতি চলছে বলে জানান নাফিউর।
এমএনজে





