চট্টগ্রাম মহানগরীর অলঙ্কার মোড় এলাকায় ভুয়া দন্ত্য চিকিৎসক ইমরান হোসেনকে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাত মোর্শেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাসনাত মোর্শেদ জানান, ইমরান হোসেনের প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোন ডিগ্রি না থাকলেও দন্ত্য চিকিৎসক হিসেবে ইমরান ডেন্টাল সার্জারি নামে চিকিৎসালয় খুলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। দীর্ঘদিন ধরে তার প্রতারণার শিকার হয়েছে অসংখ্য মানুষ।
বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত ইমরান ডেন্টাল সার্জারিতে অভিযান চালালে ইমরান হোসেন দন্ত্য চিকিৎসক হিসেবে কোন প্রাতিষ্ঠানিক সনদ আদালতকে দেখাতে পারেননি। এছাড়া দন্ত্য চিকিৎসালয় পরিচালনায়ও তার কোন বৈধতা ছিল না। পরে আদালতের সামনে ইমরান হোসেন নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।
কেএইচ





