করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭০৫ জনে।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯১৪ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৭০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার (০৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৪২০টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হর ৮.৭১ শতাংশ। গত বছরের ০৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্র্ধ্ব ৪৪ জন রয়েছেন।

বিভাগওয়ারী দেখা গেছে, ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ১৮ জন, রাজশাহীতে সাতজন, খুলনায় একজন, বরিশালে দুইজন, সিলেটে দুইজন রংপুরে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

এমবি