করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কোনো লক্ষণ, উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করবেন এবং এই রোগ প্রতিরোধে সহায়তা করবেন। এই মহামারি রোগ গোপন করাও একটি অপরাধ। কোনো রকম জ্বর-কাশি হলে গোপন করব না।

শুক্রবার (০৭ আগস্ট) দুপুর করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এই কথা বলেন।

তিনি বলেন, “আমরা কয়েক দিন আগেই কোরবানির ঈদ উদযাপন করেছি। পশুর হাটে অনেক লোক সমাগম হয়েছে। ঈদ উৎসব পালন করতেও আমরা অনেকে সমবেত হয়েছি। এই মুহূর্তে যে কারও লক্ষণ-উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে দেব। কোনো রকম জ্বর-কাশি হলে গোপন করব না। যেহেতু এই মহামারি রোগ গোপন করাও একটি অপরাধ। কাজেই মহামারির কোনো লক্ষণ, উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করবেন এবং এই রোগ প্রতিরোধে সহায়তা করবেন।”

অধ্যাপক ডা. নাসিমা আরও বলেন, “আমরা যেসব স্বাস্থ্যবিধি প্রতিনিয়তই বলি, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা বা জনসমাবেশ এড়িয়ে চলা। প্রত্যেকটি জিনিস একইসাথে করতে হবে, কোনো একটি আলাদাভাবে নয়। তাহলেই আমরা এই করোনাকে মোকাবিলা করতে পারবো। তাছাড়া যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন, তারা অনেক বেশি সতর্ক-সচেতন থাকবেন। কারণ করোনায় আক্রান্ত হলে তাদের জন্য ঝুঁকি অনেক বেড়ে যায়। কাজেই আপনার সুরক্ষা আপনার হাতে।”

স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিনে বলা হয়েছে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৩৩৩ জন। একইদিনে আরও ২ হাজার ৮৫১ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫২ হাজার ৫০২ জনে।

এমবি