গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় ভয়েবাস থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রাকচাপায় পারভেজ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আগুনে পুড়ে গেছেন৩ যাত্রী।

রোববার রাত পৌনে ১২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজের বাড়ি নোয়াখালীর শ্রীরামপুর। তিনি রংপুরে গ্রিলের কাজ করতেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, রাতে এনা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এতে বাসের কয়েকজন যাত্রী গায়ে আগুন ধরে গেলে, বাসযাত্রী পারভেজ আতঙ্কে বাসের জানালা দিয়ে মহাসড়কে লাফ দেয়।

এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান পারভেজ। আগুনে ঝলসে গুরুতর আহত হন আরও ৩ জন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে