চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে আবদুল হান্নান (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আবদুল হান্নানের সঙ্গে তার প্রতিবেশী আবু নামে এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে আবদুল হান্নান বের হলে আবু ও তার ছেলে মমিন লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত আবদুল হান্নানকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসক ডা. শিপন জানান, মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণের কারণে আবদুল হান্নানের মৃত্যু হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোস্তফা কামাল জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে।

কেএইচ