নারায়ণগঞ্জের ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন ও তার সহযোগী আলী মোহাম্মদের বিরুদ্ধে চলমান একটি চাঁদাবাজি মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের একটি আদালতে ওই মামলা চলাকালে বিচারকের নির্দেশনায় পুলিশ ওই সাক্ষীকে আটক করে। সাক্ষ্য গ্রহণের সময়ে কাঠগড়ায় নূর হোসেন ও আলী মোহাম্মদ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ জানান, নূর হোসেনের বিরুদ্ধে সাত খুন ছাড়াও বিভিন্ন অভিযোগে আরো ৮টি মামলা রয়েছে। রোববার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) কামরুন্নাহার এর আদালতে চাঁদাবাজির দুটি ও মাদকের একটি মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে চাঁদাবাজির দুটি মামলায় ৪ জন ও মাদক মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। চাঁদাবাজির মামলায় সাক্ষ্য গ্রহণের সময়ে জসিম নামের একজন মিথ্যা সাক্ষ্য দেওয়ায় বিচারক তাকে আটকের নির্দেশ দেন। পুলিশ তাৎক্ষণিক আটক করে তাকে কারাগারে পাঠায়।
এদিকে একটি অস্ত্র মামলায় প্রতিবেদন না দেওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে শোকজ করা হয়েছে।
এর আগে সকালে কঠোর প্রহরায় আদালতে আনার পর সাক্ষ্য গ্রহণের পর দুপুরে আবারও একই প্রহরায় কাশিমপুর কারাগারে নেওয়া হয় নূর হোসেনকে।
গত ১৬ জানুয়ারি সাত খুনের মামলায় নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এমবি





