জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন চিরযৌবন ও চিরকালের কবি। বিভিন্ন সংঘাতে-সংগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রেরণা ছিলেন তিনি।
বুধবার জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করতে এসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ সব কথা বলেন।
তিনি বলেন, কাজী নজরুল ইসলামের গান ও কবিতা থেকে মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনী অনুপ্রাণিত হয়েছে। শাসন ও শোষণের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার প্রয়াস পেয়েছে।
এদিকে কবির প্রয়াণ দিবস উপলক্ষে ভোর থেকেই কবির সমাধিতে রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন।
ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।
এ ছাড়া ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





