৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এম সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভাগীয় পরিচালক আজিজ আহমেদ ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন।

দুদকের সুত্র জানা গেছে, ২০০৯ সালে সাইফুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। নোটিশ দেওয়ার পর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি। এছাড়া অনুসন্ধানে তার ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার সম্পদ পাওয়া যায়, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।

চলতি বছরের ১৩ জুলাই দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন জমা দিলে কমিশন তা অনুমোদন দেয়। ১৭ জুলাই হামিদুল হাসান বাদি হয়ে নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-৪।

দুর্নীতির দায়ে অভিযুক্ত এম সাইফুর রহমানকে গত ১ আগস্ট পদোন্নতি দিয়ে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেয় চসিক। বর্তমানে সাইফুর চসিকের সিভিল প্রকৌশল বিভাগে কর্মরত আছেন।

মাসুম/জারিফ