সাতক্ষীরার কলারোয়া সরকারী খাদ্য গুদাম থেকে ২৯ মে: টন চাল পাঁচারের সময় তা আটক করেছে স্থানীয় জনতা।

শুক্রবার বেলা ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে। কলারোয়া সরকারী খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি,এলএসডি) আলিনুর রহমান তা পাচার করছিল বলে অভিযোগ উঠেছে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুব কুমার তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সম্প্রতি ভিজিএফ চাল বিতরনের সময় বেশ কিছু খাওয়ার অযোগ্য চাল বের হয়। জেলা প্রশাসকের নির্দেশে ওই নষ্ট চাল খাদ্য গুদামে সীলগালা করে রাখা হয়।

শুক্রবার বেলা ১১ টার দিকে ওই চাল স্থানীয় প্রশাসনকে না জানিয়ে সরকারী খাদ্য গুদাম থেকে গুদামের দায়িত্বরত কর্মকর্তা ওসি,এলএসডি তা সরিয়ে ফেলার চেষ্টা করছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তা তারা আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে তার (উপজেলা নির্বাহী অফিসারের) নির্দেশে ওই চাল উদ্ধার করে সীলগালা করে রাখা হয়েছে। কি কারনে প্রশাসনকে না বলে ওই চাল খাদ্য গুদাম থেকে সরানো হচ্ছিলো সে বিষয়টি জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত করে দেখা হচ্ছে।

কলারোয়া খাদ্য গুদাম কর্মকর্তা আলিনুর রহমান জানান, জেলা খাদ্য কর্মকর্তার নির্দেশে গুদাম থেকে ওই চাল সরিয়ে নেয়া হচ্ছিল। চাল গুলো কলারোয়া গুদাম থেকে পাটকেলঘাটা খাদ্য গুদামে নিয়ে যাওয়া হচ্ছিলো।

তবে জেলা খাদ্য কর্মকর্তা মো: শাহাজান ভুঁইয়া জানান, চাল সরিয়ে নেয়ার ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার নির্দেশে চাল সরিয়ে নেয়া হচ্ছে এই কথা সঠিক নয়। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, নষ্ট চাল সরিয়ে নিতে হলে জেলা প্রশাসনকে জানাতে হবে। কিন্তু তার কোন কিছু না জানিয়ে সেখান থেকে চাল সরিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ