বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। শুক্রবার সকাল ৬টা নাগাদ পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হারুনর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, যমুনা নদীর পানি অপরিবর্তিত থাকলেও বন্যাদুর্গত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধে কিংবা উঁচু স্থানে বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে। বন্যার পানিতে নলকূপ তলিয়ে যাওয়া বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এই এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর।

বন্যার কারণে কর্মহীন হয়ে পড়েছে এ এলাকার মানুষ। ফলে এসব পরিবারের লোকজন খাদ্যের অভাবে অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছে।

প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি জীবনযাপন করছে। কিন্ত সরকারি ত্রাণ (চাল) মিলেছে মাত্র এক হাজার ৫০০ পরিবারের। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ১০ কেজি করে চাল।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ