আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিত রায় নৃশংসভাবে খুন হলো- এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যাখার দাবি উঠেছে জাতীয় সংসদে।
দশম সংসদের পঞ্চম অধিবেশনে রোববার পয়েন্ট অব অর্ডারে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী এ দাবি জানান।
তিনি বলেন, এ আঘাত ব্যক্তি অভিজিতের ওপর নয়, মুক্তচিন্তা, মুক্ত মতপ্রকাশ, বুদ্ধিবৃত্তিক চর্চা অধিকারের ওপর আঘাত; বিশ্ববিবেক ও মনুষ্যত্বের ওপর আঘাত। এভাবে যদি উগ্রবাদীরা বিচারের ঊর্ধে উঠে তাদের এ ঘৃণ্য হত্যাকাণ্ড চালাতে থাকে তাহলে আমাদের ভবিষ্যত আরও অন্ধকারাচ্ছন্ন হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যে অবহেলা ও দায়িত্ব পালনে শৈথিল্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ঘটনার অতি সন্নিকটে আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী ছিল। এর মধ্য দিয়ে কয়েক বিপথগামী উগ্র মৌলবাদী অভিজিতকে খুন করল এবং রীতিমত উধাও হয়ে গেল- এটা ভাবতেও অবাক লাগে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত ভূমিকার সুষ্ঠু তদন্ত এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বিষয়ে বিবৃতি দাবি জানিয়ে বলেন, দেশের সকল প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষকে ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমরা সবাই মিলে মুক্ত বুদ্ধিবৃত্তিক যুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের মিলিত শক্তিই পারবে উগ্রবাদী, মৌলবাদী ও ইসলামের ভুল ব্যাখ্যা প্রদানকারী এ অশুভ শক্তিকে প্রতিহত করতে।
জেএ





