রাজশাহীতে মধ্যরাতে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা হামলায় মা-মেয়ে দগ্ধ হয়েছেন। দগ্ধ মা আম্বিয়া বেগম (৪৫) ও মেয়ে রিফাতসহ (১৭) আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আম্বিয়া বেগমের দুই হাতসহ মুখের বাঁ অংশ এবং রিফাতের বাঁ হাতের কিছু অংশ ঝলসে গেছে।
সোমবার রাত সোয়া ১২টার দিকে নগরীর ভদ্রা ভাংড়িপট্টি এলাকায় নিরাপত্তা বাহিনীর পাহারায় থাকা গাড়িবহরের মধ্যে ওই বাসে এ হামলা হয় বলে বোয়ালিয়া থানার ওসি খন্দকার নূর হোসেন জানিয়েছেন।
বোমা হামলার পর বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরো দুজন আহত হয়েছেন বলে জানান তিনি।
দগ্ধ মা-মেয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামে। ইসরাইল হোসেনের মেয়ে রিফাত ঢাকা পলিটেকনিকের প্রথম সেমিস্টারের ছাত্রী। পরীক্ষায় অংশ নিতে অবরোধের মধ্যেই মাকে সঙ্গে নিয়ে ঢাকার পথে ছিলেন তিনি।
ওসি নূর হোসেন জানান, নিরাপত্তা বাহিনীর পাহারায় শিশির এন্টারপ্রাইজের ওই বাসসহ ১৫/১৬টি যানবাহন ঢাকা যাচ্ছিল। ওই বাসের পেছনে আরো দুটি বাস ও একটি ট্রাক ছিল।
গাড়িবহরটি রাত ১২টার দিকে রাজশাহী টার্মিনাল থেকে ছাড়ার কিছুক্ষণ পরই বাসটিতে হামলা হয়। কয়েকজন দুর্বৃত্ত গলির ভেতর থেকে বাসটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বাসের মাঝের একটি জানালার কাচ ভেঙে বোমাটি ভেতরে ঢুকে ছয়টি আসন পুড়ে যায়। এসময় মা-মেয়ে দগ্ধ হন।
ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই বাসের লোকজন আগুন নিভিয়ে ফেলে।
ইআর





