হঠাৎ দমকা বাতাস ও কালবৈশাখী ঝড়ে রাজধানীর মধ্যবাড্ডায় দেয়াল চাপা পড়ে ৩ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় ইফতারের পরপর হঠাৎ দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি শুরু হলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু'জনের নামপরিচয় পাওয়া গেছে। এদের একজনের নাম বুলবুল বিশ্বাস (২৭)। তিনি নড়াইলের নরাগাথী থানার মহাজন এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় বাসের চেকার হিসেবে কর্মরত ছিলেন। অপরজন নীলফামারীর বাসিন্দা বাড্ডা এলাকার চা দোকানদার তপন (২৮)।

দেয়াল ধসের ব্যাপারে বুলবুলের সহকর্মী মামুন শেখ জানান, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় বুলবুল বাড্ডা প্রাণ আরএফএলের গাড়ি পার্কিংয়ের দেয়ালের পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় দেয়াল ধসে পড়লে বুলবুল ও পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই পথচারী (২৮) নিহত হন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গতকাল ঝড়ে উত্তর বাড্ডায় দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন ঢামেকে ও এক ব্যক্তি পঙ্গু হাসপাতালে মারা গেছেন বলে জানান এসআই।

নিহত বুলবুলের মামা রাজিব হোসেন জানান, নড়াইলের নড়াগাতি উপজেলার আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে বুলবুল মিরপুর বাংলা কলেজ থেকে মাস্টার্স শেষ করে বাসের চেকারের কাজ করতেন। তিনি গাবতলীর বাগবাড়ি এলাকায় থাকতেন।

এ ছাড়া একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্যান্ডেল ধসে পড়ে একজন নিহত হয়েছেন।

এএস