রাজবাড়ীর গোয়ালন্দা উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আরশাদ নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি আরশাদ পুলিশের তালিকাভুক্ত আসামি।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দৌলতদিয়ায় এ বন্দুকযুদ্ধ হয়। আরশাদ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইমান খাঁ পাড়ার শাহজুদ্দিন ব্যাপারীর ছেলে।
গোয়ালন ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল জানান, রাত ১০টার দিকে আরশাদকে দৌলতদিয়া কবরস্থান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত দেড়টার দিকে তাকে নিয়ে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অস্ত্র উদ্ধারে বের হলে আরশাদের বাহিনী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আরশাদ গুলিবিদ্ধ হন। এছাড়া এসআই মো. রফিক উদ্দিন ও ওসি নিজেও আহত হয়েছেন।
গুলিবিদ্ধ আরশাদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আজাহারুল ইসলাম মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি একনলা সচল বন্দুক, দুটি কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, আরশাদের বিরুদ্ধে ২০১৩ সালে পুলিশের ওপর বোমা হামলা, তিনটি ডাকাতি, হত্যা ও বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
এআই





