করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৫৫৫ জন।

মারা যাওয়া ২৪ জনের মধ্যে পুরুষ ১৫ জন আর নারী ৯ জন। আর গতকাল ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৫৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৪১৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৮৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৭৩ হাজার ২৪৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৯৭ হাজার ৪৯৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৭৫ হাজার ৭৪৫টি পরীক্ষা হয়েছে।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রংপুর বিভাগের ২ জন, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের আছেন ১ জন করে।

এমবি