পশ্চিম আফ্রিকায় এবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া দেশগুলো থেকে আসা সব যাত্রীকে বিমানবন্দরে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট সব বিভাগকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান জানান, এই কমিটির নেতৃত্বে থাকবেন স্বাস্থ্য সচিব এম এন নিয়াজ উদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এ বৈঠকে উপস্থিত ছিলেন।  

অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, যেসব দেশে এবোলা ছড়িয়ে পড়েছে, সেসব দেশেই আক্রান্ত রোগীদের দেশত্যাগ করতে না দেয়ার ব্যবস্থা হয়েছে। তারপরও বাড়তি সতর্কতা হিসাবে বাংলাদেশে বিমানবন্দরে এই পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে।

পশ্চিম আফ্রিকায় প্রাণঘাতী এবোলা ভাইরাস মহামারীর আকারে ছড়িয়ে পড়ায় গত শুক্রবার ‘আন্তর্জাতিক সতর্কতা’ জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

লাইবেরিয়া, গিনি, সিয়েরা লিওন ও নাইজেরিয়াতে এবোলা ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত প্রায় সাড়ে নয়শ মানুষের মৃত্যু হয়েছে। লাইবেরিয়া সরকার ইতোমধ্যে সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ডব্লিউএইচও বলছে, এবোলা যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তা ‘অভাবনীয়’। এ ভাইরাস বিশ্বব্যাপী আরো ছড়িয়ে পড়লে তার পরিণতি হবে মারাত্মক।

এবোলা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। প্রাথমিক পর্যায়ে আক্রান্ত রোগীদের ৯০ শতাংশই মারা যাচ্ছিলেন। তবে বর্তমানে তা কমে ৬০ শতাংশে নেমে এসেছে।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ