শীতের তীব্রতায় কাঁপছে সারাদেশ বিশেষ করে দেশের উত্তরাঞ্চল। এ অবস্থা আরও দু-তিন দিন থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এক দিনের ব্যবধানে দেশে তাপমাত্রা ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ থাকলেও রবিবার (১১ মাঘ) তা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এক দিন আগে তা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরে কর্তব্যরত একজন আবহাওয়াবিদ বলেন, আপাতত দেশে তীব্র শৈত্যপ্রবাহ আসার কোনো আশঙ্কা নেই। এখন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে।
দেশজুড়ে এখন যে শীতের তীব্রতা এটা স্বাভাবিক বলেও জানান ওই আবহাওয়াবিদ।
শীত বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। সহায়-সম্বলহীন শহরের পথের মানুষগুলোর দুর্ভোগ সবেচেয়ে বেশি। সকালে ও রাতে রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের আগুন পোহাতে দেখা গেছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও সীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এআই