রাজধানীর ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিট এলাকায় সব ধরনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিট এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ‍শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

চার সপ্তাহের মধ্যে ভূমি সচিব, ঢাকা জেলা প্রশাসক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, গ্রিন হোমসের ব্যবস্থাপনা পরিচালক, হোম স্টোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রূপায়ন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও এ কে হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

দুই সপ্তাহ আগে আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওয়ারীর টিপু সুলতান রোডের বাসিন্দা সাকিনা বেগম।

ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ জানান, সরকারের স্টেট ম্যানুয়েল, ১৯৫৮ এর পরিশিষ্ট ৫ মতে, ওয়ারীর আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক ভবন নির্মাণের সুযোগ নেই।

কিন্তু এর তোয়াক্কা না করে বিভিন্ন রিয়েল স্টেট কোম্পানি বাণিজ্যিক ভবন নির্মাণ করে যাচ্ছে।

তিনি বলেন, রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধে আদেশ দিয়েছেন এবং রুল জারি করেছেন।

এমকে