খুলনায় নির্যাতনে নিহত শিশু রাকিব হত্যা মামলার তদন্ত পর্যবেক্ষন করতে তিন সদস্যের কমিটি মাঠে নেমেছে।

বুধবার সকালে এ কমিটির সদস্যরা খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মাহবুব হাকিমের নেতৃত্বে অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু ও সহকারী কমিশনার (সদর দপ্তর) হুমায়ুন কবির প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

পরে তারা শরীফ মোটরস নামের সেই গ্যারেজে যান; যেখানে শিশু রাকিবের পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছিল।

এরপরে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের নিহত রাকিবের বাসায় যান এবং তার বাবা নুরুল আলম হাওলাদার, মা লাকি বেগমসহ অন্যদের সঙ্গেও কথা বলেন।

সবশেষে টিমের সদস্যরা ঘটনার আওতাধীন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহমেদসহ অন্যদের সঙ্গে কথা বলেন।

কেএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এসব তথ্য জানান।

এআই