রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে ভারতের হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে শনিবার সকালে তার বাড়ির পাশে সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

অধ্যাপক রেজাউল করিমের হত্যার ধরনের সঙ্গে এর আগে দেশে সন্ত্রাসীদের হাতে নিহত মুক্তমনা ও সেক্যুলার বুদ্ধিজীবী, লেখকদের হত্যার মিল রয়েছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের টুইটার পেজে দাবি করেছে, আইএসের সংবাদসংস্থা আমাক নিউজের এক খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমকে হত্যার দায় নিয়েছে আইএস। ‘নাস্তিকতা’র জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ওই টুইটে জানানো হয়েছে।

তবে আইএসের দায় স্বীকারের বিষয়ে দেশের প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। এর আগে কয়েকটি হত্যার দায় স্বীকার করে আইএস। কিন্তু সরকারের দাবি, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।

এসএম