করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ফজলুল হক।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান ও গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার ডা. হাবিবও বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, দীর্ঘদিন ধরেই অধ্যাপক ডা. ফজলুল হক নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি মারা গেলেন।

তিনি আরও জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন অধ্যাপক ডা. ফজলুল হক। তিনি বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) আজীবন সদস্য ছিলেন।

এফডিএসআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জন চিকিৎসক মারা গেছেন।

এমবি