নাশকতাসহ নানা অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া (৩৮) ও তার বাবা জামায়াত কর্মী জালাল উদ্দিন মোহাম্মদ ইউনুস আলীকে (৬৫) আটক করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার সময় উপজেলার ছাতারভাগ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, আটক ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া নলডাঙ্গা উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক এবং বর্তমানে নাটোর সিটি কলেজে আরবি সাহিত্যের প্রভাষক হিসেবে কর্মরত।
এর আগে তিনি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং তার বাবা জালাল উদ্দিন মোহাম্মদ ইউনুস আলী উপজেলা জামায়াতের একজন কর্মী।
তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ জামায়াতের ডাকা আজকের অর্ধ দিবস হরতালে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সন্ত্রাস ও জঙ্গিবাদ সর্ম্পকিত খুতবা নিয়ে কটূক্তি করার অভিযোগ রয়েছে।
এমএনজে





