সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীর চাকরি জাতীয়করণ বেতন বৃদ্ধি ও ডিউটি ২৪ ঘন্টা থেকে কমিয়ে ৮ ঘন্টা করণ এবং সকল প্রকার সুযোগ সুবিদা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সমিতি।

আজ রোববার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন দাবি আদায়ের জন্য এ মানববন্ধন করেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সমিতির সভাপতি মো. মামুন সরদার বলেন, ২০১৫ সালের ঘোষনাকৃত জাতীসংঘ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী উন্নয়নশীল মধ্যম আয়ের দেশের কাতারে যাওয়ার সুযােগ সৃষ্টি হয় বাংলাদেশের।

আমরা আশাবাদী আমাদের মতাে অসহায় এবং মানসিক হতাশাগ্রস্থ দপ্তরি কাম প্রহরীদের বেলায়ও এমন দৃঢ় পদক্ষেপ নিবেন সরকার। যেন আমরা দুবেলা দু-মুঠো ডাল-ভাত খেয়ে মা-বাবা, ভাই-বােন, স্ত্রী-সন্তান নিয়ে জীবন যাপন করতে পারি।

তিনি প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়ে বলেন, ইতিমধ্যে আমাদের বেশিরভাগ দপ্তরি কাম প্রহরীদের চাকুরীর বয়স চলে গেছে। আপনি যদি আমাদের পদটি জাতীয়করণ না করেন তাহলে আমাদের আর যাওয়ার কোন জায়গা নেই।

আমাদের মধ্যে অনেকেরই অকাল মৃত্যু হয়েছে। আমাদের নেই কোন পেনশন ভাতা। মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিবার পরিজন আজ বহু কষ্টে দুর্বিসহ দিন কাটাচ্ছে। আমরা আরও আশাবাদি আপনি সকল দপ্তরি কাম প্রহরী পদটি সরাসরি জাতীয়করণ করার প্রয়োজনীয় সু-ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরসমূহকে নির্দেশ দিবেন।

মিজানুর রহমান আরও বলেন, আমাদের ২৪ ঘন্টা ডিউটি করতে হয়। আমাদের বছরে কোন ছুটি নেই। এমনকি সাপ্তাহিক ছুটিও পাওয়া যায় না। আমরা নিরলসভাবে বিদ্যালয়ে কাজ করছি ও করে যাব।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সমিতির সভাপতি মো. মামুন সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. ইউনুছ আলী, অর্থ সম্পাদক মো. নুরুল হকসহ প্রমুখ।

এসএম