ময়মনসিংহের সদর উপজেলার চরাঞ্চল পরানগঞ্জে ছুরিকাঘাতে মারা গেছেন হাবিবুর রহমান হবি (৩৫) নামের এক যুবক। তিনি শ্বশুর ও শ্যালকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী।

হবির বাড়ি সদর উপজেলার বোররচর গ্রামের ভাটিপাড়ায়।

নিহত হবির স্ত্রী রেহেনা আক্তার অভিযোগ করেন, সতিনের বাবা ও ভাই মিলে তাঁর স্বামীকে খুন করেছেন।

রেহেনা জানান, ১৭ বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর তাঁকে রেখেই একই গ্রামের নূর মোহাম্মদের মেয়ে শিরিন আক্তারকে বিয়ে করেন হবি। প্রতিবাদে তিনি বাবার বাড়ি চলে যান। এরপর সতিন শিরিন আক্তার তাঁর স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন।

হবির স্ত্রী বলেন, বিভিন্ন মেয়েলি অপকর্ম করায় সতিনের ভাই বাছিরকে তাঁর স্বামী হবি সম্প্রতি মারধর করেন। এর প্রতিশোধ নিতেই  বাছির ও তাঁর বাবা নূর মোহাম্মদ হবিকে হত্যা করেছেন।

রেহেনা আরো জানান, শনিবার সন্ধ্যায় পরানগঞ্জ বাজারে তাঁর স্বামী হবিকে সতিনের বাবা, ভাই ও কয়েকজন মিলে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমবি