রুপগঞ্জের মোশা বাহিনীর প্রধান তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোশা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার আব্দুল মোতালিবের ছেলে।
রোববার দুপুর ২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ মোশাকে গ্রেফতার করে। ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পরে বিমানবন্দর পুলিশের কাছ থেকে রুপগঞ্জ থানা মোশাকে নিয়ে আসে। বর্তমানে মোশা রুপগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
বিমানবন্দর থানার ওসি শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইমিগ্রেশন পুলিশ মোশাকে আটক করে আমাদের হাতে দেয়। পরে আমরা তাকে রুপগঞ্জ থানা পুলিশের কাছে বুঝিয়ে দেই।
রুপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, দুর্ধর্ষ এই সন্ত্রাসীর নামে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
ওসি বলেন, মোশার বিরুদ্ধে রুপগঞ্জ, রাজধানীর বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত থানায় অসংখ্য মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস মিয়া জানান, মোশারফ হোসেন মোশাসহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শুধু রূপগঞ্জ থানায়ই ডজন খানেকেরও বেশি মামলা রয়েছে। তাকে রূপগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার সকালে তাকে নারায়ণঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





