কোচিং সেন্টারে ট্যাঙ্কলরি ঢুকে নজরুল ইসলাম সাইফুল (২৭) নামে ১ শিক্ষক নিহত হয়েছেন। এসময় ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
রোববার বিকেল সোয়া ৫টার দিকে পাবনার সাঁথিয়ায় একটি উপজেলার করমজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ জানান, সাঁথিয়া থেকে বেড়া উপজেলাগামী একটি ট্যাঙ্কলরি করমজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় কোচিং সেন্টারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিক্ষক নিহত হন এবং ১০ শিক্ষার্থী আহত হন।
নিহত নজরুল ইসলাম সাইফুল করমজা গ্রামের গোলাম ইয়াছিনের ছেলে। আহতদের মধ্যে কুলসুম, রজিনা, আতিক মাহমুদসহ অন্যান্যদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুল করমজার গ্রামের রওশন আলী নামের একজনের বাড়ি ভাড়া নিয়ে কোচিং ব্যবসা করতেন। তিনি ধোপাদহ দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক বলে জানা গেছে।
জেএ





