ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৫৭ জন। এর মধ্যে ঢাকাতেই ২১৯ জন এবং ঢাকার বাইরের সারাদেসে রয়েছেন ৩৮ জন।

আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৮৬ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫ হাজার ৯০২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮৩৮ জন রোগী।

পাশাপাশি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর এখন পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গু জনিত কারণে কিনা তা নিশ্চিত করেনি।

এমবি