ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ খোকন সূত্রধর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে আখাউড়া উপজেলার বাইপাস রেল গেইট এলাকায় তিতাস নদী এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে নিহত খোকনকে সোমবার দুপুরে আটক করা হয়।
আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জনান, সোমবার দুপুরে বেসরকারি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা খোকন সুত্রধরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোর্পদ করে। এসময় অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, পরে তার দেয়া তথ্য মতে রাতে তাকে নিয়ে দলের অন্য সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযানে গেলে পথিমধ্যে উৎপেতে বসে থাকা তার সহযোগীরা পুলিশকে দেখে গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় তার সহযোগীদের গুলিতে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোশারফ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও একটি ছোড়া উদ্ধার করে।
খোকনের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়াও সোমবারের ছিনতাইয়ের বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
এমবি





