বরগুনা সদর উপজেলার সোনাতলা গ্রামে এক জেলের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত জেলের নাম মো. জালাল হাওলাদার বলে জানা যায়।
বুধবার সকালে এ জেলের লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার বিকেলে উপজেলার নিশানবাড়িয়া এলাকার আব্দুল মান্নানের মালিকানাধীন ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় জালালসহ ট্রলারে থাকা অন্য জেলেরা। রাতের খাবার শেষে সাগর তীরবর্তী বরগুনার নিদ্রা-সকিনা খালে ট্রলার নোঙ্গর করে ঘুমিয়েছিল তারা।
আরো জানা যায়, বুধবার সকালে ফজরের নামাজ পড়ার সময় অন্য জেলেরা জালালকে ঘুম থেকে জাগাতে গেলে নিহত অবস্থায় দেখতে পায়।
বরগুনা থানার ওসি মো. শামসুল হক পিপিএম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে জালাল মারা গেছেন।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





