কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুড়ি হাওরে পল্লী বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে মাঝিসহ ইঞ্জিনচালিত নৌকার তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- উপজেলার ঢাকী ইউনিয়নের শান্তিপুর গ্রামের ফজর আলী ছেলে রুহীন মিয়া (৫৫), মাহমুদপুর গ্রামের আবদুল মিয়ার ছেলে আফাজ উদ্দিন (৩৫) ও বটেশ্বর গ্রামের সুজিত মিয়া (২০)। এদের মধ্যে আফাজ উদ্দিন ওই নৌকার মাঝি।
আহতদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ৩০/৩৫জন যাত্রী নিয়ে ইটনা বাজারঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা একই উপজেলার ঢাকী গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় বেশ কয়েকজন যাত্রী নৌকার ছইয়ের উপর উঠে বসে।
নৌকাটি নূরপুর ও গাজীপুরের মধ্যবর্তী এলংজুড়ি হাওর অতিক্রমকালে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে নৌকার মাঝি আফাজ উদ্দিন ও নৌকার ছইয়ের উপর থাকা যাত্রীসহ ১০ জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ওএফ





