সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগার দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসকর্মীরা। সোমবার রাত পৌনে আটটার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত পৌনে আটটার দিকে শিমুলতলা এলাকার আবুল বাশারের টিনশেডের তৈরি একটি ঝুটের গোডাউন থেকে ধোয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে গোডাউনের চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেডের তিনটি ইউনিট খুব দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সাভার ও টঙ্গীর আরো দুটি স্টেশনে খবর দেওয়া হয়। পরে সাভার ও আশুলিয়ার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডের দুই ঘণ্টা পর রাত পৌনে নয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার আব্দুল হামিদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই