নরসিংদীর বহুল আলোচিত ও বিতর্কিত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে (বিপি ৭৪০১০৫০৫৩১) বদলি করে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার যুগ্ম-সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।
একইসঙ্গে রাঙ্গামাটির পুলিশ সুপার আমেনা বেগমকে (বিপি ৭০৯৯১২৪৯৮০) নরসিংদীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। যার প্রজ্ঞাপন নং ৪৪.০০.০০০.০৯৪.০৭৩ (অংশ)-১০৭৯।
গোপালগঞ্জে জন্ম নেয়া এই পুলিশ সুপার শরীয়তপুর থেকে এ বছরের ৫ মে নরসিংদীতে যোগদান করেন। তারপর জেলায় আইনশৃঙ্খলার অবনতিসহ বৃদ্ধি পায় নানা অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ।
গত ০৯ নভেম্বর বেলাব উপজেলার বারৈচা জামে মসজিদের ইমামকে জোরপূর্বক ধরে আনার সময় বাধা দেয়ায় মুসল্লিদের উপর পুলিশ অতর্কিত গুলি বর্ষণ করা হয়। এঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত ও ৪ জন গুলিবিদ্ধের ঘটনায় জেলাজুড়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তার রেশ কাটতে না কাটতেই রিমান্ডে নিয়ে এক সাংবাদিককে অমানুষিকভাবে পেটানোর অভিযোগ রয়েছে। এমনকি অনুমতি ছাড়া নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল, নীলকুটি, মাহমুদাবাদ ও মনোহরদী উপজেলার মাস্টারবাড়িতে চলছে যাত্রার নামে হাউজি, জুয়া ও নগ্ন নৃত্য।
পুলিশ যাত্রার এসব প্যান্ডেল থেকে প্রতি রাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠলেও ক্ষতিগ্রস্তরা পুলিশের ভয়ে টু শব্দটি পর্যন্ত করতে সাহস পায়নি।
এদিকে পুলিশের এসব অনৈতিক ঘটনার জন্য নরসিংদীর জনসাধারণ ও জনপ্রতিনিধিদের পাশাপাশি জেলাপ্রশাসনের সঙ্গেও পুলিশ প্রশাসনের দূরত্ব বেড়ে যায়। তবে আজ তার বদলির আদেশ নরসিংদী পৌছার পর পুলিশ প্রশাসন নিরব হয়ে পড়েছে।
কেএইচ





