রাজধানীতে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উত্তরা, কুড়িল রোড ও বোটানিক্যাল গার্ডেন থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

উত্তরার ১ নম্বর সেক্টর থেকে ফাইম সারোয়ার (৩৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। সেখানে তিনি মাদকাশক্ত হয়ে পড়েন। সম্প্রতি দেশে ফিরেও অতিরিক্ত মাদক সেবন করতে থাকে। বৃহস্পতিবার রাতে বাবার লাইসেন্সকৃত বন্দুক মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেন তিনি।

বিমানবন্দর থানার এসআই গোলাম কিবরিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এদিকে কুড়িল রোডে হোটেল আলফালার সামনে ট্রাকচাপায় আলম (২২) নামে এক যুবক নিহত হন।
বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভাটারা থানার এসআই শাহেদ পারভেজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া, বোটানিকেল গার্ডেনের আকন্দিয়া নামক স্থান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে শাহ আলী থানা পুলিশ।
শাহ আলী থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাতে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৭ বছর। তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ