রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), অর্থনীতি বিভাগ ও অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এনবিএল স্নাতক উদ্যোক্তা ঋণ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ড. মোশারফ হোসেন গ্যালারীতে এ সভার আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ.এফ.এম. শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প (বিকল্প) ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন।

অনুষ্ঠানে এনবিএল’র এ.এফ.এম. শরিফুল ইসলাম বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) পাশ করা শিক্ষার্থীদের আত্বনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে স্নাতক উদ্যোক্তা ঋণ’ প্রকল্প চালু করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। এ উদ্যোগ প্রাথমিকভাবে শুধু রাবির অর্থনীতি বিভাগের স্নাতক পাশ করা শিক্ষার্থীদের জন্য পাঁচ কোটি টাকার তিন বছরের একটি পাইলট প্রজেক্ট হিসেবে হাতে নেয়া হয়েছে। যেখানে চাকরি না হওয়া শিক্ষার্থীদের হতাশা দূর করে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ জামানত বিহীন ঋণ প্রদান করবে এনবিএল। যার সুদের হার হবে ৯% থেকে ১১%। পরবর্তীতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও প্রকল্পটি চালু করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সফল উদ্যোক্তা হিসেবে বিকল্প ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন বলেন, ছাত্ররা লেখাপড়া শিখে শুধু চাকরি নির্ভর না হয়ে তাদের মেধা ও শ্রম দিয়ে আত্মকর্মসংস্থান করবে আর ব্যাংকগুলোকে সেই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসবে। এ প্রকল্পের আওতায় এনবিএল থেকে ঋণ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শিক্ষার্থীরা উপার্জনমূখী ও লাভজনক সকল আত্মকর্মসংস্থানমূলক কাজ করতে পারে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকরির জন্য হতাশায় পড়তে হবে না। তারা সহজ শর্তে ব্যাংক ঋণ নিয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারবে।

আলোচনা সভায় অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বিভাগের প্রাক্তন শিক্ষক ড. এম আলাউদ্দিনসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচ