রাজধানীর উত্তরায় তালাবদ্ধ একটি সুপারশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের চৌরাস্তা মোড় সংলগ্ন স্বপ্ন নামের একটি সুপারশপের ষষ্ঠতলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। 

আগুনে কেউ হতাহত না হলেও সুপারশপটির নিচ তলার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ বিষয়ে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ফলমূল রাখা ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। রাতে ওই ফ্রিজগুলো চালু ছিল। 

তিনি জানান, ভবনটিতে স্ট্রাকচারলি কিছু ফল্ট ছিল।তাদের উপরে উঠার সিঁড়িটা তালা মারা ছিল, যার ফলে সঠিক মাত্রায় ভেন্টিলেশন না হওয়াতে পুরো ছয় তলা ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা। 

এমআর