যশোরে শাহীন (২০) নামে এক যুবককে নিজ বাড়িতে গিয়ে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সদর উপজেলার নূরপুর গ্রামের ইরান বিশ্বাসের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে গিয়ে শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

এমকে